সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড

পূর্ণাঙ্গ তথ্য ও কূটনৈতিক উদ্যোগ নিয়ে উকিল নোটিশ 

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১০:২১ পিএম

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ ও সংশ্লিষ্ট নথি সংরক্ষণের নির্দেশনা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে বিদেশে আটক এবং মৃত্যুদণ্ডের ঝুঁকিতে বাংলাদেশিদের সুরক্ষায় কোনো ব্যর্থতা রয়েছে কি না, সে সম্পর্কেও তথ্য জানাতে অনুরোধ জানানো হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ পররাষ্ট্রসচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক বরাবর ওই নোটিশ পাঠান।

সংশ্লিষ্টদের নোটিশপ্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে প্রাথমিক জবাব দিতে বলা হয়েছে। ব্যত্যয় হলে উচ্চ আদালতে রিট আবেদন করবেন বলে জানিয়েছেন নোটিশদাতা আইনজীবী। 

আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ দেশ রূপান্তরকে বলেন, দুই বাংলাদেশির আটক, বিচারপ্রক্রিয়া, সাজা ও সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে কী তথ্য জানা গেছে, ঘটনার আগে এবং পরে কোনো ধরনের কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে কি না, তা জানাতে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে কী তথ্য ও নথি পাওয়া গেছে, কোনো তথ্য এখনো পাওয়া না গেলে তার কারণ কী এবং বাকি কাজ শেষ করার কোনো সময়সূচি রয়েছে কি না-এসব বিষয়েও জানতে চাওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত