মেটার ‘মিউজ’ চ্যাটিং শেয়ারের সুবিধা বন্ধ হলো

মেটা তাদের নতুন এজেন্টিক এআই প্ল্যাটফর্ম মিউজ উন্মোচনের কেবল এক মাসের মধ্যে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছেন প্রযুক্তি গবেষকরা। এআই মডেলটিতে ব্যবহারকারীরা লিংক বা ইউআরএল তৈরির মাধ্যমে একে অপরের সঙ্গে নিজেদের চ্যাটিং শেয়ার করতে পারতেন। এখানে ত্রুটিটি উন্মোচন করেছেন নিরাপত্তাবিষয়ক গবেষণাকারী কোম্পানি ‘ক্লারক’-এর গবেষকরা। এর মূল কারণ, শেয়ার করা সব ইউআরএলের ডোমেইন নাম একই রাখা হয়েছিল ও প্রতিটি আলাপের শিরোনাম সাবডোমেইনে ব্যবহৃত হয়েছিল। ইন্টারনেটের ফোনবুক নামে পরিচিত প্যাসিভ ডিএনএস মানুষের পাঠযোগ্য ডোমেইন কীভাবে আইপি ঠিকানায় রূপান্তরিত হয় তার রেকর্ড সংরক্ষণ করে। এ বিষয়ে ক্লারক ব্লগ পোস্টে বলেছে, ‘মিউজ প্রতিটি শেয়ার করা চ্যাটিংয়ের ওয়েব অ্যাড্রেস নির্ধারণ করত ওই আলাপের নির্দিষ্ট শিরোনাম দিয়ে। আর সেই ঠিকানাটি সরাসরি পাবলিক ডিএনএসে লিপিবদ্ধ হয়ে যেত।

গবেষণা কোম্পানিটি মেটার এই সেবার ব্যক্তিগত ও ব্যবসায়িক উভয় ধরনের ব্যবহারের প্রায় ৬ হাজার ৮০০টি শেয়ার করা লিংক চিহ্নিত করতে পেরেছে এবং সেসব আলাপে থাকা সংবেদনশীল ব্যক্তিগত তথ্য দেখতে পায়।

অরক্ষিত থাকা তথ্যের মধ্যে ছিল ফ্রন্টিয়ার এআই ল্যাবের সঙ্গে বৈঠকের সময়সূচি, ছোট ব্যবসার ঋণের আবেদন, আংশিক অ্যাকাউন্টের বিবরণসহ ব্যাংকের জালিয়াতি সম্পর্কিত সতর্কবার্তা, এক কোম্পানি ছুটির ক্যালেন্ডার ও অন্যান্য অভ্যন্তরীণ গোপন নথি।

এ নিরাপত্তার ত্রুটি ও ক্লারক-এর গবেষণার খবর প্রথম প্রকাশ করে প্রযুক্তি সাইট ‘আর্স টেকনিকা’। মেটা প্রতিনিধি বলেছেন, ‘আমরা প্রতিবেদনটি পর্যালোচনা করছি এবং এসব লিংক কীভাবে শনাক্ত করা যায় সে বিষয়ে পরিবর্তন আনার কথা বিবেচনা করছি। পর্যালোচনা চলাকালীন আমরা ফিচারটি সাময়িকভাবে বন্ধ রেখেছি।’