ডাল খেলেই গ্যাস হয়

প্রোটিন, ফাইবার, ভিটামিন ও মিনারেলের ভরপুর ডাল। উদ্ভিজ্জ প্রোটিন হিসেবে ডাল অনেক ভালো খাবার। কিন্তু ডাল খেলে অনেকেই পেট ফাঁপার সমস্যা ভোগেন। গ্যাস, বদহজম হয়। এই সমস্যা হলে কী করবেন সেটাও জানা দরকার। ডালে ‘রাফিনোজ’ নামক কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে, এগুলো সহজে ভাঙে না বা হজম হয় না। এই কার্বোহাইড্রেট যখন অন্ত্রে পৌঁছায়, তখন অন্ত্রে থাকা ব্যাকটেরিয়া সেগুলোকে ফার্মেন্ট করে। এর জেরে গ্যাস তৈরি হয়। ডালে প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার থাকে। ফাইবার হজম স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু হঠাৎ করে বেশি ফাইবার খেলে পেট ফাঁপা ও বদহজম হতে পারে। ডালে ‘লেকটিন’ ও ‘ফাইটেটস’ নামের অ্যান্টি-নিউট্রিয়েন্টস থাকে। ডাল ঠিকমতো সেদ্ধ না হলে এই অ্যান্টি-নিউট্রিয়েন্টসগুলোই হজমে বাধা হয়ে দাঁড়ায়। এই অ্যান্টি-নিউট্রিয়েন্টসগুলো শরীরে ঢুকলে পেটে অস্বস্তি তৈরি করে। ডালে উদ্ভিজ্জ প্রোটিনও থাকে। হজম শক্তি দুর্বল হলে ওই প্রোটিন হজম করাও অনেক সময় কঠিন হয়ে যায়। তখনো পেটে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা দেখা দেয়।

সমস্যার সমাধান

গ্যাস, পেট ফাঁপার সমস্যা এড়াতে হলে ডাল ভালো করে ধুয়ে নিয়ে রান্না করুন। শুধু তা-ই নয়, ডাল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। ডাল পানিতে ভিজিয়ে রাখলে সব অ্যান্টি-নিউট্রিয়েন্টসগুলো ধুয়ে বেরিয়ে যাবে। এভাবে বদহজমের সমস্যা সহজেই কমানো যায়। মুগ ডাল, লাল মসুর, অড়হর ডাল ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। আর খোসাসহ মুগ, খোসাসহ বিউলির ডাল, ছোলার ডাল ২-৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। রাজমা, কাঁচা ছোলা, কাবলি ছোলা প্রায় ৮-১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। যে দিন এই ডালগুলো রান্না করবেন, আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রাখা ভালো।