বিএনপি সরকারকে কটূক্তির অভিযোগে নারী উদ্যোক্তা আটক

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় বিএনপি সরকারকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ। তিনি একটি বিউটি পার্লারের মালিক।

রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাথী আক্তার সম্প্রতি তার বিউটি পার্লারে বসে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে এলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এরপর স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা এক সাথে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় তার প্রতিষ্ঠানে যান এবং এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, বিএনপিকে নিয়ে কটূক্তির অভিযোগে স্থানীয় জনতা এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।