অস্থিরতা পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নজর বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে জাতীয় দল ঘিরে অস্থিরতা, প্রস্তুতির ঘাটতি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। বাইরের পরিস্থিতির চেয়ে দলের প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

সিরিজের আগে পুরো দলকে একসঙ্গে অনুশীলনে পাননি সিমন্স। তবু প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ। তার প্রত্যাশা, হাতে থাকা দুই দিনে দলীয় পরিকল্পনা গুছিয়ে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেট খেলবে বাংলাদেশ।

এই সিরিজের গুরুত্ব তুলে ধরে গতকাল সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমার মনে হচ্ছে, সিরিজটি বেশ কঠিন হবে।’ ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক পারফরম্যান্স ও নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্যে থাকার বিষয়টি বিবেচনায় রেখেই এমন মূল্যায়ন তার।

জাতীয় দল ঘিরে চলমান অস্থিরতা এবং সিরিজ শুরুর আগে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে সিমন্স বাইরের পরিস্থিতির চেয়ে মাঠের প্রস্তুতিকে গুরুত্ব দেন। তার ভাষায়, ‘বাইরে কী ঘটছে, সেটি নয়; বরং দল হিসেবে আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি, সেটিই আসল বিষয়।’ কোচদের ওপর ব্যর্থতার দায় চাপানো নিয়ে প্রশ্নে বলেন, ‘আমার মনে হয় এটা অন্যায্য। তবে আমি মনে করি না, এই প্রশ্নের উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি।’

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের ব্যাটিং কৌশল নিয়েও প্রশ্ন ওঠে। তবে সিমন্স মনে করেন, ব্যাটাররা পরিকল্পনা অনুযায়ী খেলেছেন এবং ম্যাচটি জেতা উচিত ছিল। রানআউটের সুযোগ কাজে লাগাতে না পারা ও ক্যাচ ফেলে দেওয়াকে তিনি ব্যর্থতার কারণ হিসেবে উল্লেখ করেন।

চোটের কারণে নাহিদ রানাকে না পাওয়ার বিষয়টিও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। সিমন্স স্বীকার করেন, ‘নাহিদের মতো গতি নিশ্চয়ই আমরা মিস করব।’ তবে তার বিশ্বাস, অন্য বোলাররাও নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন।