ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ প্রদান

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন চলচ্চিত্র সাংবাদিক মাহমুদা চৌধুরী এবং পরিচালক মেজবাউর রহমান সুমন। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ ২০২৬ প্রদান করা হলো সোমবার (২৬ অক্টোবর) দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে। কেকা ফেরদৌসীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আবদুর রহমান। 

অনুষ্ঠানে ফজলুল হককে নিয়ে স্মৃতিচারণ করেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, প্রযোজক হাবিবুর রহমান খান, অভিনেতা ও নির্মাতা আফসানা মিমি, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, বাচসাস এর সাবেক সভাপতি রাজু আলীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সাইয়িদ শাহজাদা আল কারিম প্রমুখ।

বক্তারা বলেন ফজলুল হক ছিলেন স্বাপ্নিক মানুষ। তিনি নতুন নতুন ভাবনায় মগ্ন থাকতেন। দেশের জন্য কিছু করতে চাইতেন। আমরা অনেকেই তার অনুসারী। তার দেখানো পথ ধরেই এদেশের চলচ্চিত্র পরিচালনা ও সাংবাদিকতা এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগে ফজলুল হক বৃত্তি প্রবর্তন করা হয়েছে। একই বিভাগে ফজলুলকে নিয়ে প্রবন্ধ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারী শুভ সেনকে ক্রেস্ট এবং অর্থমূল্য দিয়ে সম্মাননা জানানো হয়।