নারায়ণগঞ্জের স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দন্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। 

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৮ জুলাই রাতে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় নিজ ভাড়া বাসায় পারিবারিক ঝগড়ার জেরে স্ত্রী মনোয়ারা বেগম ও শিশু সন্তান সোহাগকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান হারেছ। পরে এই জোড়া খুনের ঘটনায় নিহত মনোয়ারার ভাই মজিবুর রহমান মজিদ বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা করলে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ আসামি হারেছকে গ্রেপ্তার করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত হারেছ তার স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দিও দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির জানান, আদালত এই মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও বিচারিক প্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হওয়ায় আসামি হারেছকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পরে আদালতের নির্দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হারেছকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।