চলতি বছরের মধ্যেই এক লাখ দক্ষ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর বেতন কাঠামো, কর্মপরিবেশ ও ব্যবস্থাপনার মান যাচাই করে সদস্যদের কাজের ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গাজীপুরে আনসার সদস্যদের কারিগরি দক্ষতা সরেজমিনে পরিদর্শন করেন সিঙ্গাপুর, মালদ্বীপ ও মরক্কোসহ চারটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক।
তিনি জানান, দেশের কর্মক্ষম জনশক্তিকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে আন্তর্জাতিক শ্রমবাজারে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে বিবেচনায় রেখে চলতি বছরেই এক লাখ দক্ষ সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
মহাপরিচালক আরও বলেন, বিদেশি প্রতিনিধিদের চাহিদা অনুযায়ী সদস্যদের দক্ষতা ও যোগ্যতা যাচাই করে জনশক্তি পাঠানো হবে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়েও আলোচনা চলছে।
মহাপরিচালক বলেন , বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু কাজের সুযোগ নয়, সংশ্লিষ্ট দেশের বেতন কাঠামো, কর্মপরিবেশ ও ব্যবস্থাপনার মানও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এর মাধ্যমে দক্ষ আনসার সদস্যদের জন্য নিরাপদ ও মানসম্মত কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে।