কালিয়াকৈরে মাটির ঘরের দেয়াল ধসে নারীর মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে মাটির ঘর ভাঙ্গার সময় দেয়াল ধসে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার নিশ্চিন্তপুর বটতলা এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর বটতলা এলাকার মৃত আনোয়ার হোসেনের মেয়ে আছিয়া আক্তার রিপা (৩৫)। তিনি পোশাক শ্রমিক ছিলেন।

এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর বটতলা এলাকায় নিজের ঘরে রান্না করছিলেন পোশাক শ্রমিক আছিয়া। এ সময় সুলতান নামে এক ব্যক্তি পাশের একটি মাটির ঘর ভাঙ্গার কাজ করছিলেন। মাটির ঘর ভাঙ্গার একপর্যায়ে সকাল সাড়ে ১১টার দিকে দেয়ালের একটি অংশ ধসে আছিয়ার রান্নাঘরের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা ও এলাকাবাসী। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আছিয়াকে মৃত ঘোষণা করেন।

অভিযোগ উঠেছে, ওই মাটির ঘর ভাঙ্গার আগে পাশের ঘরের বাসিন্দাদের সতর্ক করা হয়নি। এ ঘটনার পর থেকে সুলতান
পলাতক রয়েছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মাটির দেয়াল ধসে এক নারীর মৃত্যুর খবরটি শুনেছি। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত