নড়াইলে পণ্যের ওজন কম দেওয়া এবং মানবদেহের জন্য ক্ষতিকর রং মেশানোর অভিযোগে তিনটি বেকারিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে বেকারির পণ্যের ওজন কম দেওয়া এবং মানবদেহের জন্য ক্ষতিকর রং মেশানোর অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এর মধ্যে পদ্মা বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ১০ হাজার টাকা, মাহমুদা ফুডসকে ২ হাজার টাকা এবং আল আমিন বেকারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, অন্য একটি বেকারিতে পণ্যের ওজন ও পরিবেশ সন্তোষজনক থাকায় অভিযান পরিচালনাকারী দল সন্তোষ প্রকাশ করে।
অভিযানে স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান, কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নড়াইল জেলা কমিটির কোষাধ্যক্ষ স্বপ্না রায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জেলার তিনটি উপজেলার বিভিন্ন হাটবাজারে তদারকি কার্যক্রম চলছে।
তিনি আরও জানান, ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ব্যবসায়ীদের মাধ্যমে ভোক্তারা যাতে প্রতারণা ও ক্ষতির শিকার না হন, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।