‘ভারতের জাতীয় ক্রাশ’ বলে খ্যাতি অর্জন করা দক্ষিণী তারকা রাশমিকা মন্দাকে তামিল অভিনেত্রী বলে মন্তব্য করে উল্টো তোপের মুখে পড়েছেন বর্ষীয়ান গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। মূলত হিন্দি উচ্চারণে সমস্যা ইস্যুতে রাশমিকার পক্ষ নিতেই নেটিজেনের রোষের কবলে পড়তে হলো তাকে। নেটাগরিকদের সংশোধনও মেনে নেন জাভেদ। কিন্তু কী এমন ভুল বলেন তিনি?
রাশমিকার উচ্চারণ নিয়ে যারা কটাক্ষ করছেন, তাদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় সরব হন জাভেদ। তিনি লিখেছেন, ‘যাদের তামিল অভিনেত্রী রাশমিকার উচ্চারণ নিয়ে সমস্যা রয়েছে, তাদের কয়েকটি তামিল বাক্য দেওয়া হোক। তার পর দেখা যাক, তারা কতটা ভাল তামিল বলতে পারেন। তামিল বিশ্বের প্রাচীনতম কথ্য ভাষা। অন্যের ভাষাগত দক্ষতা নিয়ে এ ভাবে মিথ্যা ও ভিত্তিহীন শ্রেষ্ঠত্বের মনোভাব দেখানো মেনে নেওয়া যায় না।’
জট বাধে এখানেই। জাভেদের এই বক্তব্যকে অনেকেই সমর্থন করেন। তবে কয়েক জন ব্যবহারকারী তাকে মনে করিয়ে দেন যে, রাশমিকা আদতে তামিল অভিনেত্রী নন। তার শিকড় কর্নাটকের কোডাগুতে এবং তিনি কন্নড়ভাষী। পাশাপাশি, তার পরিচিতি মূলত তেলেগু ছবির মাধ্যমে।
এক ইউজার লিখেছেন, ‘উনি কোডাগুর মেয়ে এবং তেলঙ্গানার তেলেগু পরিবারের বৌ। তবে এই দেশে ভাষাগত সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য আপনার সমর্থনকে কুর্নিশ জানাই।’ সেই সংশোধন মেনে নিয়ে জাভেদ সংক্ষিপ্ত উত্তর দেন, ‘আমি ভুল স্বীকার করছি।’