বাংলাদেশে বিনিয়োগ ও প্রবৃদ্ধি অব্যাহত রাখতে বেকোর অঙ্গীকার

তুরস্কের শীর্ষস্থানীয় বিনিয়োগ প্রতিষ্ঠান কচ্ হোল্ডিং এবং বিশ্বখ্যাত গৃহস্থালি পণ্যের ব্র্যান্ড বেকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। সফরকালে তারা সিঙ্গার বাংলাদেশের আন্তর্জাতিক মানের বেকো উৎপাদন কারখানা, সিঙ্গার-বেকো কনসেপ্ট স্টোর এবং কর্মীবান্ধব করপোরেট কার্যালয় পরিদর্শন করেন। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়ে তাঁদের অঙ্গীকারের বিষয়টি উঠে আসে।

প্রতিনিধিদলে ছিলেন কচ্ হোল্ডিংয়ের কনজ্যুমার ডিউরেবলস গ্রুপের প্রেসিডেন্ট পোলাট সেন, বেকোর এশিয়া, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার চিফ কমার্শিয়াল অফিসার এবং আর্সেলিক-হিটাচির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাফর উস্টুনার এবং বেকোর চিফ প্রোডাকশন অ্যান্ড টেকনোলজি অফিসার নিহাত বায়িজ। সফরকালে সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এইচ. এম. ফাইরোজ তাদের সামনে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম এবং বাংলাদেশে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন।

সিঙ্গার বাংলাদেশ বর্তমানে উৎপাদন, ব্যবসায়িক কার্যক্রম ও কর্মীদের কর্ম-অভিজ্ঞতা—এই তিন ক্ষেত্রে রূপান্তরের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছে। কোম্পানিটির উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে আধুনিক উৎপাদন কারখানা ও কনসেপ্ট স্টোর চালু করা এবং বেকোর আন্তর্জাতিক কর্মপরিবেশের মানের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীবান্ধব করপোরেট কার্যালয়ে স্থানান্তর।

এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বাজারে কচ্ গ্রুপ ও বেকোর বৈশ্বিক অভিজ্ঞতা এবং বিশেষায়িত দক্ষতা কাজে লাগিয়ে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভোক্তা ও কর্মীদের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্য নিয়েছে সিঙ্গার বাংলাদেশ। ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটি নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশের পরিবর্তনশীল ক্রেতা চাহিদা পূরণে কাজ করছে।

কচ্ গ্রুপের বিনিয়োগ তুরস্ক ও বাংলাদেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেও ভূমিকা রাখছে। ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এ পরিমাণ ২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে দুই দেশ অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচনে কাজ করছে।