সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত জনতা, বেসিক ও অগ্রণী ব্যাংকের এমডি পদে নতুন নিয়োগের জন্য তিন কর্মকর্তাকে মনোনয়নে সম্মতি দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনতা ব্যাংক পিএলসির এমডি ও সিইও পদে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলমকে নিয়োগের জন্য সরকারের সম্মতি দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের উদ্দেশ্যে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ ছাড়া বেসিক ব্যাংক পিএলসির এমডি ও সিইও পদে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নূরুল হুদাকে নিয়োগের জন্য সরকারের সম্মতি দেওয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদও যোগদানের তারিখ থেকে তিন বছর হবে।
অন্যদিকে অগ্রণী ব্যাংক পিএলসির এমডি ও সিইও পদে যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নূর মোহাম্মদকে মনোনয়নে সম্মতি দিয়েছে সরকার। তাঁকেও যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।
এদিকে সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের আদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তাঁর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বহাল থাকছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এসব সিদ্ধান্তের মধ্য দিয়ে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব নিয়ে নতুন সিদ্ধান্ত এলো।