দুই দশক পর এক সুরে উদিত নারায়ণ ও কুমার শানু

দুই দশকেরও বেশি সময় পর আবার একই সুরে বন্দী হলেন উপমহাদেশের দুই প্রখ্যাত সংগীতশিল্পী কাছে কুমার শানু এবং উদিত নারায়ণ। সানি দেওলের নতুন সিনেমা ‘সুরিয়া: অন্ত সে আরম্ভ তক’ সিনেমার জন্য গান গাইলেন তারা। 

সর্বশেষ ২০০৫ সালে ‘নো এন্ট্রি’ সিনেমার সুপারহিট গান ‘কাহা হো তুম’ গানটিতে একসঙ্গে শোনা গিয়েছিল শানু-উদিত জুটিকে। দীর্ঘ ২১ বছর পর সানি দেওলের ‘সুরিয়া’ সিনেমার প্রথম গান ‘সুনিও জারা’-র মধ্য দিয়ে ফিরছেন তারা। 

কেবল শানু-উদিতের মিলনেই নয়, সানি দেওলের কোনো সিনেমার জন্যও প্রায় ২৪ বছর পর গান গাইলেন এই জুটি। ২০০২ সালের ‘করজ’ সিনেমার পর সানির সিনেমায় তাদের কণ্ঠ আবার এক নতুন মাত্রা যোগ করতে চলেছে। 

বন্ধুত্বের এই গানটির সুর করেছেন প্রীতমের ‘জেএএম৮’ প্ল্যাটফর্মের তরুণ সুরকার রাহী। উদিত নারায়ণ ও কুমার শানুর পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন অনুপম আমোদও। গানটির কথা লিখেছেন প্রিয়া সারাইয়া। 

এম পদ্মকুমার পরিচালিত ক্রাইম থ্রিলার ‘সুরিয়া: অন্ত সে আরম্ভ তক’ সিনেমার প্রথম গান এটি। জি মিউজিক কোম্পানির ব্যানারে ২৬ অক্টোবর টিজার আসার পর ২৭ অক্টোবর গানটির সম্পূর্ণ ট্র্যাক মুক্তি পাওয়ার কথা রয়েছে।