বৈশাখী টিভির পডকাস্ট শো: ক্যারিয়ার ক্লাসরুম এবারের অতিথি সুবাহ আফরিন দীনা ইসলাম তরুণদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও করপোরেট বিশ্বের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে বৈশাখী টেলিভিশনে নিয়মিত প্রচার হচ্ছে পডকাস্ট শো: ক্যারিয়ার ক্লাসরুম। বৈশাখী টিভির পডকাস্ট শো: ‘ক্যারিয়ার ক্লাসরুম’।
প্রভাষক এম. আমিনুর রহমানের উপস্থাপনায় এ পর্বের অতিথি হিসেবে যুক্ত হয়েছেন সিটি ব্যাংক এন.এ. এর ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেড প্রোডাক্ট এবং জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট সুবাহ আফরিন। প্রচার হবে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল ৫.৩০ মিনিটে। অনুষ্ঠানে তিনি ব্যাংকিং খাতে তাঁর দীর্ঘ দেড় যুগের অভিজ্ঞতার কথা জানানোর পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপটে কর্পোরেট লিডারশিপ, ক্লায়েন্ট-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং কাজের ক্ষেত্রে মানসিক স্থিতিস্থাপকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এছাড়া ক্যারিয়ারকে কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, বরং প্রতিনিয়ত শেখার একটি ভ্রমণ হিসেবে দেখার আহ্বান জানান সুবাহ আফরিন। ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকে সবারই, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক দিক-নির্দেশনা, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা-সে আলোকেই সাজানো হয়েছে পডকাস্ট শো: ‘ক্যারিয়ার ক্লাসরুম’। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সিইও, এমডি এবং অভিজ্ঞ কর্পোরেট নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তরুণদের সঙ্গে শেয়ার করবেন ক্যারিয়ার গড়ার বাস্তব অভিজ্ঞতা, সাফল্যের গল্প, ব্যর্থতা থেকে শেখা এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতির নানা বিষয়।
শুধু চাকরি পাওয়ার কৌশল নয়, কোন্ দক্ষতাগুলো একজন তরুণকে এগিয়ে দেবে, কীভাবে নিজেকে তৈরি করতে হবে এবং কর্পোরেট দুনিয়ায় সফল হতে কী ধরনের মানসিকতা প্রয়োজন? এসবই ধারাবাহিকভাবে আলোচনা হবে ‘ক্যারিয়ার ক্লাসরুম’ পডকাস্টে। বৈশাখী টিভির কনসালটেন্ট মোঃ সামিউল আলম তামিম ও মোঃ মোফরাতুল ইসলাম সাজ্জাদের তত্ত্বাবধানে প্রযোজনায় থাকছে বৈশাখী ইয়ুথ এবং বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ।