মানবতাবিরোধী অপরাধ

বিচারের মুখোমুখি হচ্ছেন আমু-শাজাহান-ফারুক খানসহ ৭ জন

গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী  আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের ৭ জনের  বিরুদ্ধে চলতি সপ্তাহেই আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আজ সোমবার (২৬ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। 

এ মামলার আসামিরা হলেন, সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাবেক নৌ পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, সাবেক পর্যটনমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানিবিষয়ক সাবেক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। 

চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, আমির হোসেন আমুসহ সাতজনের বিরুদ্ধে তদন্ত সংস্থার প্রতিবেদন ইতিমধ্যে প্রসিকিউশনে দাখিল করা হয়েছে। ফরমাল চার্জ আমরা প্রস্তুত করেছি। চলতি সপ্তাহেই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে উল্লেখ করেন তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটির (উর্ধ্বতন দায়) অভিযোগ আনা হয়েছে। জুলাই গণহত্যার যে রাজনৈতিক সিদ্ধান্ত (আওয়ামী লীগের) ও কারফিউ দিয়ে গণহত্যার যে সিদ্ধান্ত ছিল, আসামিদের বিরুদ্ধে সেই অভিযোগ আনা হয়েছে।