ওবায়দুল কাদেরের রায় নিয়ে মন্তব্য, দুই আইনজীবীর ক্ষমা প্রার্থনা

ফেসবুকে ট্রাইব্যুনালকে নিয়ে অপমানসূচক মন্তব্যের ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে মন্তব্যের ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। তারা হলেন এম হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী। সোমবার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির হয়ে তারা ক্ষমা প্রার্থনা করেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী বছরের ২৫ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

গত ১৫ সেপ্টেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডিত ব্যক্তিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

প্রসিকিউশনের অভিযোগ, ওই রায় ও ট্রাইব্যুনাল নিয়ে একজন আইনজীবী ফেসবুকে আদালত অবমাননাকর মন্তব্য করেন। আরেকজন ওই স্ট্যাটাসের সমর্থনে কটূক্তি করেন। এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে ব্যবস্থা নেওয়ার আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের হাজির হয়ে নিজেদের বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।

চিফ প্রসিকিউটর গতকাল সাংবাদিকদের বলেন, ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর দুই আইনজীবী অনাকাঙ্ক্ষিতভাবে ফেসবুকে ট্রাইব্যুনালকে উদ্দেশ করে অপমানসূচক স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি জানান, আইনজীবীরা অনুতপ্ত হয়েছেন, নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর তা মুছে ফেলার বিষয়টিও তারা ট্রাইব্যুনালকে জানিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত