অনিশ্চয়তায় ২৯ তারিখের এইচএসসি ফল প্রকাশ

বাংলাদেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের আগে প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়া এবং তার হাতে ফল তুলে দেওয়ার রীতি দীর্ঘদিনের। প্রধানমন্ত্রীর সম্মতির পরই ফল প্রকাশ করা হয়। তবে এবার রাষ্ট্রীয় সফরে জাপানে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ২৯ অক্টোবর দেশে ফিরবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী দেশ ছাড়ার আগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে তার অনুমতি নেওয়া কিংবা তাকে অবহিত করা হয়নি। এমন পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছে পূর্বনির্ধারিত তারিখে এইচএসসির ফল প্রকাশ।

শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তবে প্রধানমন্ত্রী দেশ ছাড়ার আগে ফল প্রকাশের বিষয়ে তার সঙ্গে আলোচনা করেনি শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড। 

সোমবার (২৬ অক্টোবর) শিক্ষামন্ত্রী সারাদিন চেষ্টা করেও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেননি। ফলে পূর্বনির্ধারিত এইচএসসির ফল প্রকাশ-সংক্রান্ত আজকের সভাও বাতিল করা হয়।

এর আগে গত ২৪ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের বিষয়ে বিস্তারিত তথ্য ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন। সরকার ও শিক্ষা মন্ত্রণালয় গ্রিন সিগন্যাল দিলে ২৯ তারিখ ফল প্রকাশ করা হবে, তা না হলে কিছুটা বিলম্ব হতে পারে।’

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে জানানো হলে তিনি অনুমতি দিয়েছিলেন। ফলে তখন ফলাফল তাকে দেখাতে হয়নি। এবার প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেও টেলিফোনে তার সম্মতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক দেশ রূপান্তরকে বলেন, ‘২৯ তারিখ ফল প্রকাশের সম্ভাবনা ৫০–৫০। এখনো দুই দিন বাকি আছে। এর মধ্যে সম্মতি পেলেই ফল প্রকাশ করা হবে।’