চ্যাটজিপিটিতে এবার ‘লকড চ্যাট’

ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন অন্যের নজর থেকে আড়ালে রাখতে ‘লকড চ্যাট’ নামে নতুন ফিচার চালু করছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত আলাপ সাধারণ চ্যাটের তালিকা, পিন করা চ্যাট এবং সার্চের ফলাফল থেকে আড়ালে রাখতে পারবেন।

নতুন ফিচারটি ব্যবহার করতে চার অঙ্কের পিন কোড দিতে হবে। পাশাপাশি আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ফেস আইডির মতো বায়োমেট্রিক পদ্ধতিতেও লক করা চ্যাট খুলতে পারবেন। সব গোপন কথোপকথন ও সংশ্লিষ্ট ফাইল ‘লকড চ্যাটস’ নামে আলাদা একটি প্রজেক্টে সংরক্ষিত থাকবে।

প্রকাশ্য স্থানে চ্যাটজিপিটি ব্যবহার কিংবা অন্য কারও হাতে ফোন দেওয়ার সময় ব্যক্তিগত আলাপের গোপনীয়তা রক্ষায় এ সুবিধা কাজে আসবে। তবে ওপেনএআই জানিয়েছে, এটি এন্ড-টু-এন্ড এনক্রিপশন নয়। ফলে আইনি বাধ্যবাধকতা এড়ানোর উপায় হিসেবেও ফিচারটি ব্যবহার করা যাবে না। চ্যাট লক করলেও এআই প্রশিক্ষণের সেটিংস বা তথ্য সংরক্ষণের মেয়াদে কোনো পরিবর্তন হবে না।

ফিচারটি ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতাও রয়েছে। অ্যাকাউন্টের পিন রিসেট করলে লকড চ্যাট ও আপলোড করা ফাইল স্থায়ীভাবে মুছে যেতে পারে, যা পুনরুদ্ধার করা সম্ভব নয়। বিনামূল্যের পাশাপাশি গো, প্লাস ও প্রো-সাবস্ক্রিপশন ব্যবহারকারীরাও পর্যায়ক্রমে এ সুবিধা পাবেন। তবে কোডেক্সের মাধ্যমে করা কথোপকথন লক করার সুযোগ থাকছে না।