সাজেকের সংকট কাটছে না, অবরোধ বহাল

সাজেক সংকট নিয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাজেক গণঅধিকার আন্দোলন ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সাজেক গণঅধিকার আন্দোলনের আহ্বায়ক বাবুধন চাকমা। রাত ৮টায় সাজেক গণঅধিকার আন্দোলনের ফেসবুক পেজে এক লাইভে তিনি এ ঘোষণা দেন। সরকার থেকে তাদের পাঁচ দফা দাবি মেনে না নেওয়ায় এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় তিনি বলেন, আমাদের পাঁচ দাবির মধ্যে চারটি দাবি মেনে নেওয়ার কথা জানায় সরকার। আমাদের যে মূল দাবি সন্তু লারমার সশস্ত্র গ্রুপকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার  সেটির জন্য তারা প্রথমে এক মাস সময়ে চেয়েছে, আমরা তিন দিন সময় দিতে রাজি হয়েছি। শেষ পর্যন্ত তারা ৫ নভেম্বর পর্যন্ত সময় চেয়েছে, আমরা আগামী ৫ দিন সময় দিতে রাজি হয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা পুরোপুরি কোনো আশ্বাস না দেওয়ায় আমরা শেষ পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছি।

তিনি আরও বলেন, সরকার চাইলে একদিনের মধ্যে সমস্যার সমাধান করতে পারে, কিন্তু তাদের ইতিবাচক মনোভাবের অভাবে তারা তালবাহানা করছে বলে আমাদের মনে হয়েছে। তাই চলমান আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছি। সরকার যদি আবারও আলোচনার টেবিলে বসতে চায়, আমরা বসতে রাজি আছি।

তিনি আরও বলেন, অতীতে সরকার একদিনের মধ্যে এ ধরনের সমস্যার সমাধান করেছে, কিন্তু এবার আমাদের তরফ থেকে একাধিকবার সময় দেওয়ার পরও তারা দাবি মেনে নিতে তালবাহানা করছে। তিনি এ সময় দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।