বিএনপির লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার পাঁয়তারা

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে অতীতের মতো আবারও বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজেদের লোককে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানাতে চাইছে উল্লেখ করে তিনি দলটিকে এ পরিকল্পনা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

গতকাল সোমবার মুন্সীগঞ্জ শহরের কাছারি এলাকায় জেলা এনসিপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি অতীতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষড়যন্ত্র করেছে। ২০০৬ সালে নিজেদের লোক বসানোর চেষ্টা করেছে। আবারও তারা পাঁয়তারা করছে কীভাবে নিজেদের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা যায়। এটার মানে খুবই সুস্পষ্ট যে, বিএনপি আগামী নির্বাচন কোনোভাবেই সুষ্ঠুভাবে হতে দেবে না।

সরকারকে হুঁশিয়ার করে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা স্পষ্টভাবে বলছি এ পরিকল্পনা থেকে বেরিয়ে আসতে হবে। র‌্যাঙ্ক চয়েস সিস্টেম আমরা প্রস্তাবনা দিয়েছিলাম তার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা বাস্তবায়ন করতে হবে।

ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি পলাতক শেখ হাসিনার দেশে আসার কোনো সম্ভাবনা দেখছেন না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে আসবেন বলছেন। বিষয়টি নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেসব তৎপরতা দেখাচ্ছে, সেটাকে তার তৎপরতা হিসেবে দেখলে ভুল হবে। এটাকে কূটনৈতিক তৎপরতা হিসেবে দেখতে হবে। বাংলাদেশকে নানামুখী চাপ দেওয়ার জন্য কার্যক্রম নিষিদ্ধ দলটিকে দিয়ে ভারত এসব অপতৎপরতা চালাচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, সমতল থেকে পাহাড় কোথাও মানুষের নিরাপত্তা নেই। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব আইনশৃঙ্খলা বাদ দিয়ে এখন সংবিধান সংশোধন কমিটি নিয়ে ব্যস্ত আছেন।