প্রশ্ন তাসনিম জারার

রাষ্ট্রক্ষমতায় গেলে ওরা কী করবে

চিকিৎসক ও তরুণ রাজনীতিক তাসনিম জারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘ভোটের আগে আর বক্তৃতায় ইনসাফের কথা বলেন। কিন্তু একজন মৃত মানুষের সঙ্গে ও তার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে এমন আচরণ করেন। বিরোধী দলে থাকতেই নিজের বসতভিটায় কবর দিতে বাধা দিচ্ছেন, রাষ্ট্রের সব ক্ষমতা ওনাদের হাতে গেলে কী করবেন?’ গতকাল সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জামায়াতে ইসলামকে ইঙ্গিত করে এমন কথা বলেন তাসনিম জারা।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছেন, মানিক পশারীর দাফন পিরোজপুরে হতে দেওয়া হবে নাÑ এ কথা জামায়াতের নেতাকর্মীরা এমনভাবে বলেন যেন, এই মাটির দলিল তাদের নামে লেখা। যেন একজন মানুষ নিজের পারিবারিক কবরস্থানে শুয়ে থাকবেন কি না, সে অনুমতিও তাদের কাছ থেকে নিতে হবে। তাদের একসময় একই ভাষায় বলা হতো ‘জামায়াত-শিবির রাজাকারÑ এ মুহূর্তে বাংলা ছাড়’। এটা যে কেমন অন্যায় কথা, সেটি তাদের ভালোই জানার কথা। কিন্তু ক্ষমতা একটু হাতে আসার সঙ্গে সঙ্গেই, বিরোধী দলে থাকতেই, সেটি তারা ভুলে গেছেন।