ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান। রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র দখলের অভিযোগে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে এ আসন শূন্য হয়েছিল। বিএনপির মনোনয়নেই এলিজা জামান প্রার্থী হয়েছেন।
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। পরে মঈন উদ্দীন খান সাংবাদিকদের জানান, মনোনয়নপত্র জমার নির্ধারিত দিনে বিএনপি নেতা এলিজা জামান মনোনয়নপত্র জমা দেন। এলিজা জামানও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি মনোনয়ন দেওয়ায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
ঘোষিত তফসিল অনুযায়ী আজ মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার আপিল করার সুযোগ থাকবে। কেউ আপিল করলে তার নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর।
১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সব প্রক্রিয়া সেরে ১২ নভেম্বর ভোটের তারিখ রাখা হয়েছে তফসিলে। তবে সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টনের নিয়ম অনুযায়ী এ আসনটি বিএনপিই প্রাপ্য, অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সুযোগ নেই। মনোনয়নপত্রে কোনো জটিলতা না থাকলে নিয়ম অনুযায়ী বিএনপির প্রার্থী হিসেবে এলিজা জামানই নির্বাচিত হবেন।
সেক্ষেত্রে ভোটের তারিখ পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হবে না, যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তির আনুষ্ঠানিকতা সেরেই তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।