দেশের পাঁচটি জেলায় রেকর্ড অনুসারে কতগুলো পুকুর রয়েছে, তার তালিকা চেয়েছে উচ্চ আদালত। জেলাগুলো হলোÑ চট্টগ্রাম, বগুড়া, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট। এ বিষয়ে আদালতে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এই পাঁচ শহরে পুকুর অবৈধভাবে ভরাট ও অবৈধ দখল বন্ধে মনিটরিং টিম গঠন করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, জলাশয় হিসেবে স্বীকৃত পুকুর দখল ও ভরাট বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তায় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর পরিবেশ ও মানবাধিকার সংগঠন এইচআরপিবির রিট আবেদনটি করে।