‘এই রাত তোমার আমার’-এ দিঠি আনোয়ার

টানা পাঁচ বছর আরটিভির জনপ্রিয় সংগীত বিষয়ক অনুষ্ঠান ‘এই রাত তোমার আমার’-এর সফল উপস্থাপনার পর ব্যস্ততার কারণে তা থেকে সরে দাঁড়ান কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। তবে অনুষ্ঠানটির আমন্ত্রণে সম্প্রতি আবারও স্টুডিওতে ফিরেছেন তিনি। গত ২৫ অক্টোবর আরটিভির নিজস্ব স্টুডিওতে রেকর্ড হওয়া এই পর্বে তিনি পরিবেশন করেছেন বাংলাদেশের দুই জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের গাওয়া জনপ্রিয় চারটি গান।

পরিবেশিত গানগুলোর মধ্যে রয়েছে সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে’ ও ‘রঙধনু ছড়িয়ে চেতনার আকাশে’, রুনা লায়লা ও খন্দকার ফারুক আহমেদের গাওয়া ‘প্রেম যেন এক ছোট্ট চিঠি’ এবং রুনা লায়লার গাওয়া ‘মন চায় প্রতিদিন তুমি আমি একদিন’। বিশেষ এই গানগুলোর সবকটিরই গীতিকার প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার।

অনুষ্ঠানে অংশ নিয়ে দিঠি আনোয়ার বলেন, আরটিভি তার অত্যন্ত পছন্দের একটি চ্যানেল এবং তাদের আহ্বানে তিনি সবসময় সাড়া দেওয়ার চেষ্টা করেন। বিশেষ করে নিজের বাবার লেখা কিংবদন্তি শিল্পীদের গানগুলো যখন তিনি গান, তখন গানের কথার মাঝে বাবার উপস্থিতি ও এক অন্যরকম মায়া অনুভব করেন। ব্যস্ততা ও ব্যক্তিগত কিছু পরিকল্পনার কারণে নিয়মিত উপস্থাপনা করা সম্ভব না হলেও এ অনুষ্ঠানের প্রতি মুগ্ধতা, ভালোবাসা সবসময় থাকবে।