‘লাইফ ইজ বিউটিফুল’ নাটকের পর অভিনেতা আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে নতুন আরেকটি নাটক নির্মাণ করলেন পরিচালক চয়নিকা চৌধুরী। নাটকের নাম ‘আহারে জীবন’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সুনেরাহ বিনতে কামাল। ইতিমধ্যে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।
পরিচালক চয়নিকা চৌধুরীর ভাষ্যমতে, তার পরিচালনায় আবুল হায়াত প্রায় আড়াইশ এবং ডলি জহুর দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন।
চয়নিকা চৌধুরী বলেন, আমার পরিচালনায় এই দুই কিংবদন্তি শিল্পী আমার শত শত নাটকে অভিনয় করেছেন, এটা যে আমার কত বড় এবং পরম সৌভাগ্য, তা বলে বোঝানো যাবে না। আমি দুজন শিল্পীর প্রতি কৃতজ্ঞ। তাদের ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা আমাকে সবসময়ই আপ্লুত করে।
অভিনেতা আবুল হায়াত বলেন, চয়নিকা চৌধুরী একজন অভিজ্ঞ পরিচালক। নিঃসন্দেহে তার কাজ আমি ভীষণ উপভোগ করি। আর ডলির সঙ্গে বহুদিন কাজ করছি, যে কারণে তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা ভালো। আমরা একে অপরকে বেশ ভালো বুঝি। সত্যি বলতে কী, আমার সহশিল্পী আমার অভিনয় কীভাবে রিসিভ করে তার রিঅ্যাকশন দেবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। ‘আহারে জীবন’ নাটকটির গল্প সুন্দর। আশা করছি ভালো লাগবে দর্শকের।
অভিনেত্রী ডলি জহুর বলেন, হায়াত ভাইয়ের সঙ্গে অভিনয় করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি, ভীষণ আরামবোধ করি। তাকে আমি খুব সহজে বুঝতে পারি, তিনিও আমাকে সহজে বুঝতে পারেন। মূলকথা, আমাদের মধ্যে কাজের বোঝাপড়াটা চমৎকার। যথারীতি ‘আহারে জীবন’ নাটকেও আমাদের অভিনয় দর্শকের ভালো লাগবে। আর চয়ন তো আসলে আমাদের নিজেদের মানুষ। তার পরিচালনায় অসংখ্য নাটকে অভিনয় করেছি। চয়নের নাটক মানেই একটা আলাদা ভালোলাগা কাজ করে নিজের ভেতর। চয়নকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অভিনয় জীবনের সঙ্গে বহু বছর সম্পৃক্ত থাকার জন্য একজন পরিচালক হিসেবে।
চয়নিকা চৌধুরী জানান, নাটকটি শিগগিরই প্রচারে আসবে ‘রঙ্গন’-এ। উল্লেখ্য, আবুল হায়াত ও ডলি জহুর অভিনীত প্রচারে আসা সর্বশেষ নাটক ছিল ‘দাদী ভয়ংকর’।