হারানো ১০৭ মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম জেলার ১৭টি থানায় ভুক্তভোগীদের করা জিডি পর্যালোচনা ও গোয়েন্দা অনুসন্ধান এবং প্রযুক্তির সহায়তায় এসব ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাসুদ আলম। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নগরের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন তিনি।  

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, হারানো মুঠোফোন উদ্ধারে জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জেলার ১৭টি থানায় মুঠোফোন হারানোর ঘটনায় করা জিডিগুলো পর্যালোচনা করা হয়। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ১০৭টি মুঠোফোন শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়।