চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসের পাঁচ যাত্রী লরির চাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও চারজন।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা এলাকায় কিং অব কুমিরা কনভেনশন হলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাসটি চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাসটি থামানো হয়। এ সময় বাসের যাত্রীরা নেমে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন। তখন দ্রুতগতির একটি লরি তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। নিহতদের মধ্যে নেত্রকোনার ছয় বছর বয়সী শিশু ইব্রাহিম ও স্বপ্না নামে এক নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
দুর্ঘটনায় আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে দাঁড়ায়। এ সময় ঢাকামুখী একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সার্জেন্ট শামীম আলমও ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত