পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে করা দুই মামলায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা ওয়াকিল হোসেন, ওরফে ‘বগা’সহ ১৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
নগরের খুলশী থানার জিআরও উপপরিদর্শক নুরুল আলম বলেন, পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির মামলায় আজ সকালে ওয়াকিল হোসেন বগাকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। তিনি অন্য একটি চাঁদাবাজি মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন। পুলিশের ওপর হামলার মামলায় বগাকে প্রোডাকশন ওয়ারেন্টের (পি/ডব্লিউ) মাধ্যমে আদালতে হাজির করা হয়। উক্ত দুই মামলায় বাকি ১২ জন আসামি হাইকোর্টের জামিনের আদেশ অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত বগাসহ ১৩ জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।