ভোট ফর 'বিবি', নেতানিয়াহুর সমর্থনে ট্রাম্প

ইসরায়েলের নির্বাচনের আগের রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনকে বড় করে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনে জয়ী হলে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু হতে পারে—এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। এর আগে ট্রাম্প বলেছিলেন, তাঁদের শুরু করা অভিযান 'শেষ করতে হবে'। খবর রয়টার্স। 

রবিবার (২৫ অক্টোবর) গভীর রাতে টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে আগে কখনো এমন ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না।

তিনি বলেন, 'মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক বন্ধুত্ব নিয়ে এসেছেন, যা এর আগে কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে দেখা যায়নি। ভবিষ্যতে আমরা আবার এমন বন্ধুত্বপূর্ণ কোনো প্রেসিডেন্ট পাব কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।' 

নেতানিয়াহু আরও বলেন, ট্রাম্পের ক্ষমতায় থাকার মেয়াদ আরও দুই বছর রয়েছে এবং তিনি ইসরায়েলিদের নেতানিয়াহুর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টেও ট্রাম্প নেতানিয়াহুর প্রতি সমর্থন জানান। গত ফেব্রুয়ারিতে নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ট্রাম্প লেখেন, 'প্রধানমন্ত্রী হিসেবে বিবি নেতানিয়াহুকে ভোট দিন। আমরা যে কাজ শুরু করেছি, তা শেষ করতে হবে।'

নেতানিয়াহু বলেন, তিনি ক্ষমতায় থাকলেই ইরানের হুমকি চূড়ান্তভাবে দূর করতে ট্রাম্প পদক্ষেপ নিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, 'আমি ইতিমধ্যে মোসাদ ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) এই শাসনব্যবস্থার পতন ঘটানোর নির্দেশ দিয়েছি। এই হুমকির অবসান ঘটানোর একমাত্র উপায় হলো শাসনব্যবস্থাটির পতন ঘটানো।' 

ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা মোসাদ ও দেশটির সামরিক বাহিনীকে বোঝাতে তিনি এ বক্তব্য দেন।

গত ১৮ অক্টোবর প্রথমবার নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প। রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি আবারও সেই সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সোমবার সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, নেতানিয়াহু কি দ্বিতীয়বারের মতো তাঁর সমর্থন চেয়েছিলেন? জবাবে ট্রাম্প বলেন, 'আমি এ বিষয়ে কখনো কথা বলিনি।' 

তিনি আরও বলেন, 'আমি দুটো সমর্থনসূচক পোস্টই দিয়েছি। আমার মনে হয়, অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি প্রধানমন্ত্রী হিসেবে বেশ ভালো কাজ করেছেন।'