আমতলীতে শিক্ষার্থীদের সচেতনতামূলক ক্যাম্পেইন

বরগুনার আমতলীতে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মফিজ উদ্দীন (এম ইউ) মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর নির্দেশনায় আমতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদ। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ সময় বক্তব্য দেন পুলিশের উপপরিদর্শক (এসআই) আশিকুল ইসলাম।

ক্যাম্পেইনে কিশোর গ্যাং, ইভ টিজিং, মাদক, বাল্যবিবাহ, অনলাইন জুয়া এবং অযাচিত আড্ডা ও ঘোরাঘুরির নেতিবাচক প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। পাশাপাশি এসব সামাজিক অপরাধ থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হওয়া এবং নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকসহ বিভিন্ন শ্রেণির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।