বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ১৮ নম্বর টিম লিডার মোসা. মুন্নি আক্তার ‘শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার-২০২৬’ অর্জন করেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি মন্ত্রী আসাদুল হাবিব দুলুর হাত থেকে সম্মাননা পদক ও সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্বর্ণপদকপ্রাপ্ত মুন্নি আক্তার এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোসহ দীর্ঘদিনের স্বেচ্ছাসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা পেয়েছেন।
মুন্নি আক্তার গুলিশাখালী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রথম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মনির ঘরামীর সহধর্মিণী।
এ সম্মাননাকে জীবনের অন্যতম গৌরবময় ও স্মরণীয় অর্জন হিসেবে দেখছেন মুন্নি আক্তার। তিনি মনে করেন, এ স্বীকৃতি দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অন্যদেরও উৎসাহিত করবে।