কমনওয়েলথ কাবাডিতে জয়ে ফিরেছে বাংলাদেশ

কেনিয়ার কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ জাতীয় কাবাডি দল। ভারতের আহমেদাবাদে চলমান কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে সিঙ্গাপুরকে ৬০-২৮ পয়েন্টে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছেন মিজানুর-নাসিররা।

মঙ্গলবার ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে ‘বি’ গ্রুপের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩২ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। তিন ম্যাচে দুই জয়ে বাংলাদেশের পয়েন্ট এখন ৪।

কানাডাকে ৬৭-২৮ পয়েন্টে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে কেনিয়ার বিপক্ষে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত ৩২-৩১ পয়েন্টে হেরে যায় দলটি। এক পয়েন্টের সেই হতাশা পেছনে ফেলে সিঙ্গাপুরের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ বুধবার, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেই ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য থাকবে বাংলাদেশের কাবাডি খেলোয়াড়দের।