পদক নিশ্চিতের ম্যাচেই জাপানের কাছে অপ্রত্যাশিত হার বাংলাদেশের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

আগের দিন দক্ষিণ কোরিয়ার পর চাইনিজ তাইপেকে হারিয়ে দুই দশক পর এশিয়ান গেমসে পদকজয়ের সম্ভাবনা উজ্জ্বল করেছিল বাংলাদেশ পুরুষ কাবাডি দল। কিন্তু আজ স্বাগতিক জাপানের কাছে অপ্রত্যাশিত হারে ফিকে হয়ে গেল পদক পুনরুদ্ধারের সেই আশা। মঙ্গলবার তোকাই জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত খেলায় স্বাগতিকরা ৪০-৩৬ পয়েন্টে হারিয়ে দেয় বাংলাদেশকে। অথচ হাংজু এশিয়াডে এই জাপানকেই ৫২-১৭ পয়েন্টে হারিয়েছিল বাংলাদেশ।

এশিয়ান গেমস কাবাডিতে দিনকে দিন পারফরম্যান্সের অবনতি হচ্ছে বাংলাদেশের। ১৯৯০ সালে বেইজিং এশিয়াডে পদক জয়ের শুরু পুরুষ কাবাডি দলের। ওই বছর রৌপ্যপদক জিতেছিলেন আবদুল জলিলরা। চার বছর পর জাপানের হিরোশিমাতেও ছিল রৌপ্যপদক। ১৯৯৮ সালে ব্যাংককে ব্রোঞ্জ জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল। চার বছর পর দক্ষিণ কোরিয়ার বুসান এশিয়াডে ফের রৌপ্যপদক পুনরুদ্ধার করে লাল সবুজের দল। ২০০৬ সালে কাতারের দোহায় সবশেষ ব্রোঞ্জপদক জিতেছিল পুরুষ কাবাডি দল। ২০১০ চীনের গুয়াংজু এশিয়াডে যে পদক হারিয়ে বসে বাংলাদেশ, তা আজও পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। বরং অন্যদের চেয়ে আরও পিছিয়ে পড়েছে লাল সবুজের ছেলেরা। 

দীর্ঘ দুই দশক পর এশিয়ান গেমসে কাবাডিতে পদক নিশ্চিত করার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু আজ খেলার প্রথমার্ধেই ৭ পয়েন্টে পিছিয়ে পড়ে বাংলাদেশ (১৫-২২)। তাই দ্বিতীয়ার্ধে ২২-১৮ পয়েন্টে এগিয়ে থাকলেও জিততে পারেনি মিজানুররা। বাংলাদেশের অধিনায়ক মিজানুর রহমান দলের অন্যতম নির্ভরযোগ্য রেইডার। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাধিকবার রেইডে গিয়ে জাপানি ডিফেন্ডারদের কাছে ধরা পড়েন তিনি। ফলে বাংলাদেশ প্রয়োজনীয় পয়েন্ট আদায় করতে পারেনি। বিপরীতে জাপানের রেইডার ও ডিফেন্ডাররা নিজেদের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করেন। ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে জাপানকে অলআউট করে তিন পয়েন্ট লোনা আদায় করে বাংলাদেশ। এতে ব্যবধান কমে দাঁড়ায় ৩৪-২৮। এরপর আরও চাপ বাড়িয়ে মাত্র এক পয়েন্টের ব্যবধানে চলে আসে বাংলাদেশ, ৩৫-৩৪। শেষপর্যন্ত আর পরেনি মিজানুররা। 

গ্রুপের শীর্ষ দল ভারতের বিপক্ষে আগামীকাল বুধবার গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারত দুই ম্যাচেই দুটিতেই জিতেছে। অন্যদিকে জাপানের জয় গ্রুপের রানার্সআপের লড়াই উন্মুক্ত করে দিয়েছে। বাংলাদেশের পয়েন্ট তিন খেলায় ৪। দুই খেলায় ২ পয়েন্ট পাওয়া জাপানের খেলা বাকি তাইপে ও কোরিয়ার সঙ্গে। তাইপে (পয়েন্ট ০) আরো খেলবে কোরিয়া ও ভারতের সঙ্গে।  

এদিকে ভারতের কাছে হারের পর বাংলাদেশের মেয়েরা আজ ইরানের কাছে হেরেছে ৫৪-১৯ পয়েন্টে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত