ঘরেতে বারবিকিউ

রেসিপি : নাদিয়া নাতাশা

অরেঞ্জ গ্রিল ফিশ

উপকরণ

তেলাপিয়া মাছ ১টা, পেঁয়াজ বাটা ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কমলার রস আধা কাপ, গোলমরিচ আধা চা চামচ, ফিশ সস ১ চা চামচ, লেবুর রস ২ চা চামচ, টমেটো সস ১ চা চামচ, চিনি ১ চিমটি, লবণ ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, শুকনা মরিচ কুচি ১ চা চামচ, তেল ২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

মাছ পরিষ্কার করে ধুয়ে ভালো করে পানি মুছে নিন। এবার মাছ আড়াআড়ি ভাবে কেচে রাখুন। সব মসলা মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মাছে তৈরি করে রাখা পেস্ট ভালো করে মেখে ২ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন। এবার ইলেকট্রিক ওভেনে ২০০ ডিগ্রি তাপমাত্রায় ৩০ মিনিট বেক করে নামিয়ে পরিবেশন করুন

সয়া ভেজ কাবাব

উপকরণ

সয়া নাগেট ২ কাপ, আলু ২টা বড়, মটরশুঁটি ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচামরিচ কুচি ২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, ধনেপাতা কুচি আধা কাপ, লবণ ১ চা চামচ, বেসন ২ টেবিল চামচ, তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

সয়া নাগেট সেদ্ধ করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে বেটে রাখুন। আলু ও মটরশুঁটি সেদ্ধ করে চটকে নিন। এবার ফ্রাইপ্যানে বেসন টেলে নিন। যতক্ষণ কাঁচা গন্ধ চলে না যায়। এবার সব তেল বাদে সব উপকরণ মেখে নিন। কাবাবের আকার দিয়ে সাসলিক কাঠিতে গেঁথে ডুবো তেলে ভেজে নিন। সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

ভেজিটেবল সাসলিক

উপকরণ

গাজর কিউব করে কাটা ১টা, ক্যাপসিকাম কিউব করে কাটা ১ কাপ, ফুলকপি কিউব করে কাটা ১ কাপ, ক্যাপসিকাম কিউব করে কাটা ১ কাপ, টমেটো কিউব করে কাটা ১টা, বাঁধাকপি আধা কাপ কিউব করে কাটা, শুকনো মরিচ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, কাবাব মসলা আধা চা চামচ, লবণ ১ চা চামচ, সরিষার তেল ১ চা চামচ, সাসলিকের কাঠি ৫টি।

যেভাবে তৈরি করবেন

সাসলিকের কাঠি কয়েক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তেল ছাড়া ওপরের সব উপকরণ সবজির সঙ্গে ভালো করে মাখিয়ে ৩০ মিনিট মেরিনেট করে রেখে দিন। মেরিনেট করা সবজি সাসলিক কাঠিতে নিজের পছন্দমতো গেঁথে নিন। ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে মাঝারি আঁচে উল্টে-পাল্টে ৮ মিনিট ভাজুন। একটু পোড়া পোড়া হলে নামিয়ে নিন। যারা গ্রিল করবেন তারা ওপরে তেল ব্রাশ বা ছড়িয়ে দিয়ে মিডিয়াম পাওয়ারে দিয়ে একটু পোড়া পোড়া হলে নামিয়ে নেবেন। গরম গরম সবজি সাসলিক পরিবেশন করুন রুটি, লুচি, পরোটা ও পোলাও দিয়েও খেতে পারেন।

প্রন বারবিকিউ

উপকরণ

মাঝারি আকারের গলদা বা বাগদা চিংড়ি ১০টা, রসুন কুচি ১ টেবিল চামচ, তেঁতুলের মাড় ৪ টেবিল চামচ, খেজুরের গুড় ৪ টেবিল চামচ, শুকনো মরিচ টালা গুঁড়া আধা চা চামচ, আদা বাটা আধা টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা আধা টেবিল চামচ, সরিষার তেল আধা কাপ, লবণ ১ চা চামচ, ভিনেগার ১ টেবিল চামচ।

বারবিকিউ সস তৈরি 

ফ্রাইপ্যানে তেল নিয়ে রসুন কুচি বাদামি করে ভেজে নিন। এরপর আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা কসিয়ে তেঁতুলের মাড় ও খেঁজুরের রস, ভিনেগার ও পানি দিন। এরপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করুন। তৈরি হয়ে গেল বারবিকিউ সস।

যেভাবে তৈরি করবেন

চিংড়ি মাছের মাথা ও খোসা বাদ দিয়ে লেজসহ নিন। এবার সব মসলা ও সস দিয়ে চিংড়ি মাছ মেরিনেট করে ৩০ মিনিট রেখে দিন। এরপর সাসলিক কাঠিতে গেঁথে রাখুন। চুলায় সরাসরি অল্প আঁচে ঝলসে নিন। মাঝে মাঝে বারবিকিউ সস ব্রাশের সাহায্যে মাছে লাগিয়ে দিন। লালচে হলে গরম গরম পরিবেশন করুন বারবিকিউ প্রন পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে।

ওভেন বেকড চিকেন তন্দুরি

উপকরণ

টকদই ১ কাপ, মাঝারি আকারের মুরগি ৪ টুকরা, পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ, লেবুর রস ২ চা চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা টেবিল চামচ, জিরা গুঁড়া আধা টেবিল চামচ, আদা বাটা আধা টেবিল চামচ, মরিচ বাটা সিকি চা চামচ, লবণ ১ টেবিল চামচ, গোলমরিচ আধা চা চামচ, দারুচিনি গুঁড়া- ১ চিমটি,  লবঙ্গ গুঁড়া সিকি চা চামচ, খাবার লাল রং এক চিমটি, তেল ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

পাত্রে সব মসলা টকদইয়ের সঙ্গে মিশিয়ে রাখুন। এই মিশ্রণে মুরগির টুকরো দিয়ে মেরিনেট করে রাখুন ২ ঘণ্টা। ইলেকট্রিক ওভেন ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে রাখুন। ওভেনের র‌্যাকে আধা চা চামচ তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিন।  অ্যালুমিনিয়াম ফয়েল রেখে তার ওপর মুরগির টুকরোগুলো রাখুন। গ্রিল ট্রেতে তেল ব্রাশ করেও রাখতে পারেন। লালচে বাদামি রঙ হওয়া পর্যন্ত ওভেনে রোস্ট করতে

থাকুন। মাঝে মাঝে উল্টে দিতে পারেন। ২৫ মিনিটের মধ্যে তন্দুরি চিকেন তৈরি হয়ে যাবে। চুলায় ফ্রাইপ্যান দিয়ে তাতে মাংস দিয়ে অল্প আঁচে দুপাশ ভাজুন। স্মোকিং ফ্লেভারের জন্য স্টিলের বাটিতে কয়লা গরম করে তাতে ঘি ফেলে মাংসের পাত্র বসিয়ে  ঢাকনা দিয়ে ঢেকে দিন। ৩ মিনিট পর বের করে নান, পরোটা, সালাদ ও সসের সঙ্গে পরিবেশন করুন তন্দুরি চিকেন।