অন্ধকার ভেদ করে আশার আলো ছড়াতে একসঙ্গে হাজির হয়েছেন দেশের সংগীতাঙ্গনের দুই পরিচিত মুখ ফেরদৌস ওয়াহিদ ও আমিরুল মোমেনীন মানিক। তাদের কণ্ঠে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সূর্যবার’ নামের নতুন একটি গান। ‘মানিক মিউজিক’ ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়া গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে এরই মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
হতাশা, সংকট ও স্বপ্নভঙ্গের বাস্তবতাকে পুঁজি করে গানটির কথা লিখেছেন জীবনমুখী ধারার শিল্পী আমিরুল মোমেনীন মানিক। এতে সুর করেছেন পিজিত মহাজন এবং সংগীতায়োজন করেছেন অটোমনাল মুন।
নতুন এই কাজ নিয়ে পপতারকা ফেরদৌস ওয়াহিদ বলেন, মানুষের জীবনে প্রতিনিয়ত স্বপ্নভঙ্গ ও নানা কারণে হতাশা তৈরি হয়। এই অন্ধকারের বিরুদ্ধে মানুষের মনে আশার আলো জ্বালাতেই আমরা ‘সূর্যবার’ গানটি গেয়েছি। গানটির কথা ও সুর চমৎকার। দীর্ঘদিন পর এমন বাস্তবমুখী গানে কণ্ঠ দিয়ে ভালো লাগছে। বাংলা গানকে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে এটি ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
স্বাধীনতা পরবর্তী সময়ে পপসংগীত গেয়ে সংগীতাঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেন ফেরদৌস ওয়াহিদ। ‘এমন একটা মা দে না’, ‘মামুনিয়া’ ও ‘আগে যদি জানতাম’-এর মতো শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে তিনি ব্যাপক খ্যাতি পান।
অন্যদিকে, ২০০৫ সালে ‘মা যে দশ মাস দশ দিন’ গান দিয়ে আলোচনায় আসেন আমিরুল মোমেনীন মানিক। পরবর্তী সময়ে শিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে গাওয়া ‘আয় ভোর’, ‘নীল পরকীয়া’ ও ‘সকাল হবে কি’ গানগুলো শ্রোতামহলে প্রশংসিত হয়।
বর্তমানে মানিক হামদর্দ বাংলাদেশের পরিচালক (তথ্য ও গণসংযোগ) হিসেবে দায়িত্ব পালন করছেন।