শ্যালিকাকে বিয়ে মুখে চুনকালি দিয়ে যুবককে গ্রামছাড়া

নওগাঁর মহাদেবপুরে প্রথম স্ত্রী থাকাবস্থায় আপন শ্যালিকাকে বিয়ে করায় এক যুবক ও তার দুই স্ত্রীকে মারধর করে মুখে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার একাধিক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী যুবক মাসুদ রানা (৩৫) নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। তিনি আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন। গত রবিবার সন্ধ্যায় তিনি শ্যালিকা পূর্ণিমাকে (২১) বিয়ে করেন। এরপর দুই স্ত্রীকে নিয়ে বদলগাছী উপজেলা সদরের পুরনো ব্রিজ এলাকায় একটি ভাড়া বাসায় থাকছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ পেলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। ধর্মীয় বিধানের কথা উল্লেখ করে বাসা ছেড়ে দিতে বলা হয় তাদের। স্থানীয় কিছু লোকের ক্ষোভের মুখে মাসুদ জিনিসপত্র গুছিয়ে দুই স্ত্রীকে নিয়ে সোমবার রাতে মহাদেবপুরে শ্বশুরবাড়িতে আসেন। তাদের আসার খবর জানাজানি হলে রাত ১০টার দিকে স্থানীয় কতিপয় বাসিন্দা সেখানে জড়ো হন। এ বিয়ের কারণে তরুণ প্রজন্মের ওপর খারাপ প্রভাব পড়তে পারেÑ এমন অভিযোগ তুলে তাদের গ্রাম ছাড়তে বলা হয়। একপর্যায়ে মারধর করে মুখে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে তাদের এলাকা থেকে বের করে দেওয়া হয়।