শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বাড়ানোর দাবিতে গতকাল মঙ্গলবার প্রায় দিনভর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও একটি আঞ্চলিক সড়ক অবরোধ রেখে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। এ সময় মহাসড়কে আগুন ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। এসব ঘটনায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে আতঙ্কে বেশ কিছু শিল্পকারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এলাকাবাসী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা পর শ্রমিকরাও বেতন বাড়ানোর দাবিতে মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার আকলিচালা এলাকায় এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় আতঙ্কে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বেলা ১১টার দিকে বিক্ষুব্দ শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। এদিকে আন্দোলনে একত্রতা প্রকাশ করে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার শ্রমিকরাও মহাসড়কে আগুন জ¦ালিয়ে অবরোধ করে। সেখানে বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খানের নেতৃত্বে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকদের ইটপাটকেলে তার মাথা ফেটে যায়। এতে তার কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন। গাজীপুর-২ শিল্প পুলিশ সুপার আমজাদ হোসেন জানান,  শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।