গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টা প্রসূতি সেবা চালু

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি ওয়ার্ডে ২৪ ঘণ্টা প্রসূতি চিকিৎসা ও অস্ত্রোপচার সেবা চালু করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ সেবার উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিব রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ গোলাম মোর্শেদ মোল্লাসহ বিভিন্ন বিভাগের প্রধান ও গাইনি ওয়ার্ডের চিকিৎসকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, গোপালগঞ্জের অধিকাংশ মানুষই দরিদ্র। অসময়ে সিজারিয়ান অপারেশন বা গাইনিসংক্রান্ত অস্ত্রোপচারের প্রয়োজন হলে তাঁদের অনেক টাকা খরচ করতে হয়। সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টা গাইনি চিকিৎসা ও অস্ত্রোপচার সেবা চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো সিন্ডিকেট বা চক্র এই সেবা বন্ধ করতে পারবে না। গোপালগঞ্জকে একটি চিকিৎসা হাব হিসেবে গড়ে তুলতে চান তিনি।