মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিনের অনুপস্থিতির দায়ে পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে অন্যত্র সংযুক্তিতে থাকা সাত চিকিৎসককে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার এবং হাসপাতালটিকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় তিনি চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবার মান ও সার্বিক পরিবেশ খতিয়ে দেখেন। রোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি দুই অসহায় রোগীকে ব্যক্তিগতভাবে ৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৫১ জন চিকিৎসকের মধ্যে পরিদর্শনের সময় ১২ জনকে অনুপস্থিত পাওয়া যায়। এর মধ্যে সাতজন অন্যত্র সংযুক্তিতে এবং পাঁচজন দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগামী ১ নভেম্বর যোগদান করতে যাওয়া ৪৪৮ জন নতুন চিকিৎসকের মধ্য থেকে মুরাদনগর হাসপাতালে চিকিৎসক দেওয়ার কথা জানান মন্ত্রী।

পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করলেও বর্জ্য ও আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। বর্জ্য ব্যবস্থাপনার জমি সংকট নিরসনে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে আলোচনার আশ্বাস দেন।

এছাড়া মুরাদনগর হাসপাতাল নিয়ে বেশ কিছু আধুনিক পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী। এর মধ্যে রয়েছে হাসপাতালটিতে ১০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন, প্রসূতি নারীদের জন্য ২০ শয্যার ওয়ার্ড, নবজাতকদের জন্য ২০ শয্যার ব্যবস্থা, পুরুষ ও নারীদের পৃথক ফিজিওথেরাপি সেবা এবং ব্রেস্টফিডিং সেন্টার চালু করা। সেই সঙ্গে হাসপাতালের বিকল যানবাহনগুলো কন্ডেমনেশন প্রক্রিয়ায় নেওয়ার নির্দেশ দিয়ে আগামী অর্থবছরের মধ্যে নতুন অ্যাম্বুলেন্স দেওয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মনজুরুল ইসলাম নাদিমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।