কুমিল্লার সীমান্তে পরিত্যক্ত বস্তা থেকে অস্ত্র উদ্ধার

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম

কুমিল্লার ভারতীয় সীমান্তবর্তী আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকা থেকে একটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তা থেকে বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন বিবিরবাজার বিওপির শাহাপুর পোস্টের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অস্ত্রগুলো কারা সেখানে রেখেছিল, তা শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সীমান্ত দিয়ে অস্ত্র, মাদকসহ বিভিন্ন পণ্যের চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকায় টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সর্বশেষ সর্বাধিক পঠিত