রংপুরে ডাম্প ট্রাকের পেছনে নৈশকোচের ধাক্কা, নিহত বেড়ে চার

রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী নৈশকোচের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় অন্তত ১২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে বৈরাগীগঞ্জ এলাকায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে পিছন থেকে সজোরে ধাক্কা দেয় খান পরিবহনের একটি নৈশকোচ। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। বাসটিতে আটকে পড়া গুরুতর আহত যাত্রীদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।