মাদক, বাল্যবিয়ে ও অসচেতনতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার শপথ নিয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ার সহস্রাধিক শিক্ষার্থী। একই সঙ্গে পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং অযথা ঘোরাফেরা থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে তারা।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের কাছে এ শপথ নেয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি তাদের শপথবাক্য পাঠ করান।
শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, মাদক থেকে দূরে থাকা, বাল্যবিয়ে প্রতিরোধ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়ম মেনে সড়কে চলাচল এবং দায়িত্বশীল আচরণের বিষয়ে সচেতন করেন। পাশাপাশি অযথা ঘোরাফেরা না করে পড়াশোনা ও ইতিবাচক কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার আহ্বান জানান। একটি সুস্থ, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তুলতে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার পাশাপাশি পরিবার ও সমাজে মাদক, বাল্যবিয়ে এবং সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে সচেতনতা তৈরিতে তাদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাটুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের সাটুরিয়া শাখার ব্যবস্থাপক ইউসুফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাকসুদ হোসেন, বালিয়াটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী,
বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসালত জামান খান আরিফ, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হাসান ফয়জী।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
শিক্ষার্থীদের সম্মিলিত এই শপথের মধ্য দিয়ে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা বাড়ানোর বার্তা দেওয়া হয়।