ক্রেতা সেজে জুয়েলার্স থেকে ৩৯ ভরি রুপা চুরি, গ্রেপ্তার ৩

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে ক্রেতা সেজে জুয়েলার্সের দোকানে প্রবেশ করে ৩৯ ভরি রুপা চুরির অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার চারিগ্রাম বাজারের স্বর্ণ মার্কেটের বাংলাদেশ জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। উদ্ধার হওয়া রুপার আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।

গ্রেপ্তার তিনজনের মধ্যে দুজন নারী- কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া গ্রামের সামিয়া (২৫) ও রাফসানা আক্তার (২৩), যাদের দুজনেরই বাবার নাম মো. শাহ আলম। অপরজন চট্টগ্রামের চান্দগাঁও উপজেলার সিএমবি বাদাতলী মোড় এলাকার মো. জামালের ছেলে জারিফ (৩৫)।

দোকানমালিক বাবুল হোসেনের ভাষ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টার দিকে দোকান খোলার পরপরই ওই তিনজন ক্রেতা সেজে দোকানে ঢোকেন। তারা সোনা ও রুপার অলংকার দেখতে চান। মালিক অলংকার দেখাতে ব্যস্ত থাকার সুযোগে তার অজান্তে ৩৯ ভরি রুপা নিয়ে দ্রুত দোকান থেকে বেরিয়ে যান তাঁরা।

পরে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে খোঁজ শুরু করেন দোকানমালিক। একপর্যায়ে উপজেলার বলধারা একের মোড় এলাকা থেকে রুপাসহ তিনজনকে আটক করা হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাঁদের নিজেদের হেফাজতে নেয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা রুপার পরিমাণ যাচাই করা হচ্ছে। পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা যাচাই এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত