চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার। এ সময় তিনি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, ‘সিইআইজেডে ১৮ মাসের মধ্যেই কারখানা চালুর লক্ষ্যে কাজ চলছে এবং নির্ধারিত সময়েই চালু হবে প্রথম কারখানা।
বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে তিনি চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শনে যান। এ সময় শিল্পাঞ্চলটির দেশি-বিদেশি দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এর আগে সকাল ১১টার দিকে তিনি কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে বিজন কান্তি সরকার বলেন, ‘মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন, খুব দ্রুত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের কার্যক্রম শুরু করবেন। এ ছাড়া পানি, গ্যাস ও বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাদের সঙ্গেও আমাদের কথা হয়েছে।’
জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার মঙ্গলবার রাতে কেইপিজেডে রাত্রিযাপন করেন। বুধবার সকালে কেইপিজেড পরিদর্শন শেষে তিনি চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে যান। সেখানে পরিদর্শন ও মতবিনিময় শেষে তিনি চট্টগ্রাম ইপিজেডের উদ্দেশ্যে রওনা দেন।
এ সময় তার সঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, পরিচালক নুর জাহান খানমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।