চট্টগ্রামের ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থীকে নিয়ে আগামী শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক প্রিলিমিনারি পরীক্ষা। চট্টগ্রাম কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় উত্তীর্ণরা ঢাকায় জাতীয় পর্যায়ের লড়াইয়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেখান থেকে সেরা চারজন সুযোগ পাবে ২০২৭ সালে তাইওয়ানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার।
বুধবার চট্টগ্রাম কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ রসায়ন সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চট্টগ্রাম কলেজের ৩৬টি কক্ষে ১ ঘণ্টার এই বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শেষে একই দিন ফল প্রকাশ ও মেডেলসহ পুরস্কার বিতরণ করা হবে। অংশ নেওয়া সব শিক্ষার্থী পাবে সনদ, টি-শার্ট ও মধ্যাহ্নভোজের সুবিধা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের বিজ্ঞানশিক্ষার সীমাবদ্ধতা দূর করতে হলে শিক্ষার্থীদের মধ্যে মুখস্থনির্ভরতার পরিবর্তে বিষয়ভিত্তিক বোঝাপড়া, কৌতূহল ও ব্যবহারিক জ্ঞান বিকাশে গুরুত্ব দিতে হবে।
রসায়ন সমিতির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নূ ক ম আকবর হোসেন বলেন, প্রচলিত শিক্ষাপদ্ধতির বাইরে গিয়ে শিক্ষার্থীদের রসায়নের প্রতি আগ্রহী করে তোলা প্রয়োজন। কারণ পরিবেশদূষণ, বৈশ্বিক উষ্ণতা, খাদ্যে বিষক্রিয়া কিংবা ওষুধ উৎপাদনের মতো আধুনিক জীবনের নানা সংকট সমাধানে রসায়নের ভূমিকা অপরিসীম। আন্তর্জাতিক ব্যবধান কমাতে স্কুল পর্যায় থেকেই 'জুনিয়র রসায়ন অলিম্পিয়াড' চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
১৬তম রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম শামসুদ্দিন আজাদ বলেন, কেবল সনদনির্ভর শিক্ষা দিয়ে উন্নয়ন সম্ভব নয়; অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করার সক্ষমতা তৈরি করতে হবে। তা না হলে মেধাবীরা হতাশ হয়ে বিদেশে পাড়ি জমাবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ রসায়ন সমিতির কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।