চট্টগ্রামে জোড়া খুন ও সরোয়ার হোসেন বাবলা হত্যা মামলায় কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেনের পৃথক আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী।
রিমান্ড শুনানির জন্য বুধবার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৯ মার্চ গভীর রাতে নগরের বাকলিয়া এক্সেস রোডে একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে চালাতে এগিয়ে যায় পাঁচটি মোটরসাইকেলে থাকা সন্ত্রাসীরা। প্রায় দুই কিলোমিটার ধরে পাল্টাপাল্টি গুলিবর্ষণের পর গাড়িটি থেমে যায়। গুলিতে ঝাঁজরা হয়ে যাওয়া গাড়ির ভেতর দুই যুবকের মরদেহ পাওয়া যায়। তারা আরেক সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
এরপর একই বছরের ৫ নভেম্বর বিকেলে নগরের বায়েজিদ বোস্তামী থানার হাজীপাড়া এলাকায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্বাচনী জনসংযোগে গুলির ঘটনা ঘটে। এতে এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন। তার সঙ্গে থাকা সরোয়ার হোসেন বাবলাকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়।
পুলিশ জানায়, দুটি মামলাতেই ডেভিড ইমন এজাহারভুক্ত আসামি। বাকলিয়ার জোড়া খুনের মামলায় তাকে প্রধান সমন্বয়ক ও অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, বাবলা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড আবেদন করা হয়।
গত ২৯ জুলাই রাতে যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। তিনি বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।