ফ্লাইওভারের নিচে বিদ্যুতের মিটার বসিয়ে রমরমা ব্যবসা, ৩ জনকে পুলিশে দিল চসিক

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ পিএম

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ফ্লাইওভারের নিচে বিদ্যুতের মিটার বসিয়ে ভাসমান দোকান পরিচালনার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নগরীর জিইসি মোড় এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান।

অভিযানসূত্রে জানা গেছে, জিইসি ফ্লাইওভারের নিচের জায়গা দখল করে অবৈধভাবে বিদ্যুতের মিটার বসিয়ে দোকান পরিচালনার প্রমাণ মেলে। এ সময় তিনজনকে আটক করে পাঁচলাইশ থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

অভিযান সম্পর্কে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান বলেন, “নগরীর সড়ক ও ফুটপাত পথচারীদের নির্বিঘ্ন চলাচলের জন্য। ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান পরিচালনার অভিযোগে তিনজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নগরীর শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ সর্বাধিক পঠিত