দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে গেছে। রাতেই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার পর এ দুর্ঘটনা ঘটে বলে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, সাত বছর বয়সী এক শিশুকে নিয়ে রাত ১১টায় কচুয়া উপজেলার সাচার বিতারা গ্রাম থেকে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে ফেরার পথে স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অটোরিকশাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

এ ঘটনায় চারজন অগ্নিদগ্ধ হন। তাদের মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি তিনজন সামান্য দগ্ধ হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।