মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৫০ কেজি মা ইলিশ, এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও দুটি ইঞ্জিনচালিত জেলে নৌকা জব্দ করেছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশ। এ সময় ইলিশ শিকারের অভিযোগে আটক তিন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. ওমর ফারুক দুই জেলেকে ১৫ দিন করে এবং অন্য একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
জেলা সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম জানান, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে ভোর ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে। এতে মুক্তারপুর নৌ-পুলিশ ও গজারিয়া কোস্টগার্ড সহযোগিতা করে।
তিনি আরও জানান, জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দুটি জেলে নৌকা মুক্তারপুর নৌ-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। জব্দ করা ইলিশ মেঘনা নদীতীরবর্তী ১২টি এতিমখানা ও মাদ্রাসা এবং ১০২ জন বাসিন্দার মধ্যে বিতরণ করা হয়েছে।